ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ হাটে বণিক সমিতির সদস্য মো. আবুল কাশেমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
কালমেঘ হাট বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার কয়েক দিন পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় নিহতের পরিবার এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়ছে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি উপজেলার আরেকটি আলোচিত ঘটনায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে বিয়ের অভিযোগের পর তার বাবা মানসিক চাপ ও অভিমানে মারা যান। ওই ঘটনায় মামলা দায়ের হলেও দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও অভিযুক্তদের গ্রেফতার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনে আস্থা ফিরিয়ে আনতে উভয় ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচি শেষে আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

Post a Comment