কুড়িগ্রামের জমি বিরোধে ১০ বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

 👨‍🦱 NUN News প্রতিবেদন

🔰প্রকাশ : ১২ জুলাই, ০৪:০৬ পিএম | অনলাইন সংস্করণ




কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অন্তত ১০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুলাই উপজেলার ছিনাই ইউনিয়নের চাকিরপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘবদ্ধভাবে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, কয়েকশ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে একযোগে অন্তত ১০টি বসতবাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ, হামলার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলাকারীদের প্রতিহত করতে কার্যকর ভূমিকা দেখা যায়নি। হামলার পর থেকে কয়েকটি পরিবার নিরাপত্তাহীনতার কারণে বাড়িছাড়া হয়ে মানবেতর জীবনযাপন করছে বলেও তারা দাবি করেন।
এ ঘটনায় বাহাদুর আলী বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৬২ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৯০ থেকে ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


Post a Comment

Previous Post Next Post