পাঁচবিবি পৌরসভা নির্বাচন ২০২৬: ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হতে চান সাংবাদিক সজল কুমার দাস

 👨‍🦱 NUN News প্রতিবেদন

🔰প্রকাশ : ১১ জুলাই, ০৪:৪৬ পিএম | অনলাইন সংস্করণ




আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক সজল কুমার দাস।

নির্বাচনকে ঘিরে তিনি ইতোমধ্যেই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা, চাহিদা ও পরামর্শ শুনছেন। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই তাঁর মূল লক্ষ্য বলে জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি সজল কুমার দাস বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং সমাধানে ভূমিকা রাখার চেষ্টা করে আসছেন বলেও স্থানীয়রা জানান।

সজল কুমার দাস বলেন, "আমি ৩ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। চাঁদাবাজি প্রতিরোধ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, মাদক নির্মূল এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করাই হবে আমার প্রধান অগ্রাধিকার। সবার সহযোগিতায় একটি আদর্শ ও মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই।"

তিনি ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, সুধীজন এবং সাধারণ মানুষের কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, আসন্ন পাঁচবিবি পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যেই গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।

Post a Comment

Previous Post Next Post